Top News

স্ট্রংরুম ঘিরে বিতর্ক, ধরনায় কুণাল-শশী; কমিশনের আশ্বাসে সাময়িক শান্তি।

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রংরুম ঘিরে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বিতর্ক। পোস্টাল ব্যালট বেআইনিভাবে বাছাইয়ের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সেই অভিযোগেই সন্ধ্যায় ধরনায় বসেন বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা। পরে জোড়াসাঁকোর প্রার্থী বিজয় উপাধ্যায়-সহ অন্যান্য নেতা-কর্মীরাও সেখানে পৌঁছন।
                
তৃণমূলের অভিযোগ, বিকেলের দিকে দলীয় কর্মীদের সরিয়ে দেওয়া হয়। এরপর হঠাৎ ই-মেল করে জানানো হয় বিকেল চারটেয় স্ট্রংরুম খোলা হবে, কিন্তু তখন তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সাড়ে তিনটে পর্যন্ত আমাদের কর্মীরা ছিলেন। পরে সরিয়ে দেওয়া হয়। চারটেয় খোলার ই-মেল এলেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি, বিজেপিকে ডাকা হচ্ছে।” শশী পাঁজাও প্রশ্ন তোলেন, এত স্পর্শকাতর জায়গা খোলার আগে সব দলকে কেন জানানো হল না।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ডিইও স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছন এবং তাঁর উপস্থিতিতে কুণাল ও শশী স্ট্রংরুমে ঢোকেন। তা নিয়েই বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ শুরু হয়, বাইরে বচসাও হয় দুই পক্ষের মধ্যে।

রাত সাড়ে ৯টা নাগাদ কুণাল ঘোষ জানান, কমিশনের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, তৃণমূলের প্রতিনিধিরা না থাকলে কাউকে স্ট্রংরুমে ঢুকতে দেওয়া হবে না। এরপরই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়। তবে শুক্রবারও ওই কেন্দ্রের সামনে উত্তেজনা পুরোপুরি কাটেনি।

Post a Comment

নবীনতর পূর্বতন