ধুন্ধুমার পরিস্থিতি ফলতায়
কলকাতা ২ মে :- দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ব্যাপক উত্তেজনা ও সহিংসতার অভিযোগ সামনে এসেছে। তৃণমূল নেতা জাহাঙ্গীর খান-এর অনুগামীদের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।সেখানকার মানুষদের দাবি পুনরায় ভোটপ্রদান। কিন্তু সূত্র মারফত জানা যায়, ইতিমধ্যেই কমিশন রিপোর্ট তলব করে সেই দাবি খারিজ করে।
বিজেপি সমর্থকদের দাবি, ভোট দেওয়ার পর থেকেই তাদের লক্ষ্য করে হামলা, ভাঙচুর এবং হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ এক পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে। বহু গ্রামবাসী জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে এবং “৪ মে-র পর খুনের হুমকি” পর্যন্ত দেওয়া হচ্ছে। মহিলাদেরও হেনস্থা ও শাসানোর অভিযোগ উঠেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পশ্চিমবঙ্গ পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী আহত হন এবং রক্তপাতের খবর পাওয়া গেছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন। তিনি এটিকে ‘ফলতা-ডায়মন্ড হারবার মডেল’ বলে কটাক্ষ করেছেন।
বর্তমানে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে এবং পুরো অঞ্চল জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন