আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল
কলকাতা ৮ মে :পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করল। এ বছর সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৮৬.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের ছাত্র অভিরূপ ভদ্র। সে ৭০০-র মধ্যে ৬৯৮ নম্বর পেয়ে ৯৯.৭১ শতাংশ নম্বর অর্জন করেছে।
এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৫৯,৭৫৩ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯,০১,৭২৪ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল বলেও জানিয়েছে পর্ষদ। রাজ্যজুড়ে ২৬৮২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয় এবং প্রায় ৫২ হাজারের বেশি শিক্ষক খাতা মূল্যায়নের কাজে যুক্ত ছিলেন।
জেলা ভিত্তিক ফলাফলেও নজর কেড়েছে পাহাড়ি জেলা কালিম্পং। পাশের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং, যেখানে পাশের হার ৯৫.১ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা।
পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রথম দশে জায়গা পেয়েছেন মোট ১৩১ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ১০৩ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ১.৪৬ শতাংশ পরীক্ষার্থী।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে ফলাফল দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের রেজাল্ট দেখতে পারছে।

একটি মন্তব্য পোস্ট করুন