৯ মে শপথগ্রহণের পরই নতুন সরকারের কাজকর্ম শুরু হতে চলেছে। তবে আপাতত নবান্নে বসছেন না নতুন মুখ্যমন্ত্রী। রাইটার্স বিল্ডিংয়ের পূর্ণাঙ্গ সংস্কার শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রীর সচিবালয় স্থানান্তরিত হচ্ছে বিধানসভায়।
সরকারি সূত্রে জানা গিয়েছে, সংস্কার চলাকালীন বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষেই অস্থায়ীভাবে বসবেন বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
২০২৬ সালের নির্বাচনে পরিবর্তনের জেরে রাজ্যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। বিজেপির হাত ধরে প্রায় দেড় দশক পর ফের মহাকরণে ফিরছে প্রশাসন। রাইটার্সে ফেরার পরিকল্পনায় দ্রুত গতিতে চলছে সংস্কারের কাজ, যাতে শীঘ্রই সেখান থেকেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যায়।
উল্লেখ্য, ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। শপথের পর মহাকরণে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও দু’বছরের মধ্যেই প্রশাসনিক কেন্দ্র স্থানান্তরিত হয় নবান্নে। প্রায় ১৫ বছর পর সেই ধারা বদলে আবারও রাইটার্সমুখী হচ্ছে রাজ্যের প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন