Top News

ভোট শেষ হতেই ধাক্কা: বাণিজ্যিক LPG সিলিন্ডারে প্রায় ১০০০ টাকা বৃদ্ধি, চাপে ব্যবসায়ী মহল


    LPG নিয়ে আবারও সাধারণ মানুষের ভোগান্তি

 কলকাতা ১ মে : ভোটপর্ব শেষ হওয়ার পরপরই বড়সড় মূল্যবৃদ্ধির ঘোষণা করল তেল বিপণন সংস্থাগুলি। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম সর্বোচ্চ বৃদ্ধি বলে মনে করা হচ্ছে।

নতুন মূল্য অনুযায়ী, দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩,০৭১.৫০ টাকা। অন্যদিকে, কলকাতায় এই দাম পৌঁছেছে ৩,২০২ টাকায়, যা ব্যবসায়ীদের জন্য বড় চাপ তৈরি করেছে।

এই মূল্যবৃদ্ধি ১ মে থেকেই কার্যকর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়াই এই সিদ্ধান্তের মূল কারণ।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের ওপর। গ্যাসের দাম বাড়ার ফলে রান্নার খরচ বৃদ্ধি পাবে, যার প্রভাব সরাসরি পড়তে পারে খাবারের দামে। ফলে সাধারণ মানুষের বাইরে খাওয়ার খরচও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে স্বস্তির খবর, গার্হস্থ্য ব্যবহার্য ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে আরও মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

Post a Comment

নবীনতর পূর্বতন