বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন বহু যাত্রী। রবীন্দ্রসদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশনের মধ্যে কিছু সময়ের জন্য মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়।
সকালে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোকে মহানায়ক উত্তমকুমার স্টেশনে দাঁড় করিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। একই ভাবে ময়দান স্টেশনেও রবীন্দ্রসদনমুখী মেট্রো থেকে যাত্রীদের নামতে বলা হয়। পরে স্টেশনগুলিতে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্রসদন–রবীন্দ্র সরোবর অংশে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ।
ব্যস্ত সময়ের এই বিভ্রাটে অফিসযাত্রী ও স্কুলপড়ুয়াদের সমস্যায় পড়তে হয়। অনেকেই বাস, ট্যাক্সি বা অন্য বিকল্প পথে গন্তব্যে পৌঁছোনোর চেষ্টা করেন। বিশেষ করে একা যাতায়াত করা ছোট স্কুলপড়ুয়ারা হঠাৎ নামতে বলায় বিভ্রান্ত হয়ে পড়ে। কিছু সময় পরে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা জানানো হয়।
একটি মন্তব্য পোস্ট করুন