Top News

আশাকর্মীদের আন্দোলন ঘিরে ধাক্কাধাক্কি, একাধিক বিক্ষোভকারী আটক

 

বুধবার স্বাস্থ্যভবনে ডেপুটেশন দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় আশাকর্মীদের যাতায়াত ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পুরুলিয়া, বাঁকুড়া ও উত্তরবঙ্গ থেকে একাধিক ট্রেনে করে কলকাতায় পৌঁছনোর চেষ্টা করলে বিভিন্ন স্টেশনে পুলিশি বাধার অভিযোগ ওঠে। শিয়ালদহ স্টেশনে আশাকর্মীরা পৌঁছনোর পর প্ল্যাটফর্মে প্রতিবাদ শুরু হলে কয়েকজনকে আটক করা হয়, যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির খবর মেলে।

 অফিস টাইমে এই ঘটনার প্রভাব পড়ে নিত্যযাত্রীদের উপর এবং শিয়ালদার ১৩ নম্বর প্ল্যাটফর্ম দীর্ঘ সময় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। একই দিনে বাঁকুড়ার খাতরা এলাকা থেকে কলকাতাগামী বাস পরিষেবা বন্ধ থাকার অভিযোগ ওঠে, ফলে খাতড়া-বাঁকুড়া ও খাতরা-সিমলাপাল রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। 

দুর্গাপুর ও বেলদা স্টেশনেও প্ল্যাটফর্মে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেন আশাকর্মীদের একাংশ, যদিও কোথাও পোশাক বদলে পুলিশের নজর এড়িয়ে, কোথাও আবার জোর করে হাওড়াগামী ট্রেনে ওঠেন তাঁরা। এদিকে শিয়ালদা ও অন্যান্য এলাকায় আটক অভিযান ঘিরে উত্তেজনা বাড়ে এবং পশ্চিম মেদিনীপুরের খাকুড়দায় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা পাপিয়া দাস অধিকারীকে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

সংবাদ সূত্র - Aajtak Bangla

Post a Comment

নবীনতর পূর্বতন