Top News

এআই ও সাইবার সিকিউরিটিতে নতুন কোর্স, বদলাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ধারা

 

আগামী শিক্ষাবর্ষ থেকে এআই , সাইবার সিকিউরিটি সহ সাত - আটটি সম্পূর্ণ নতুন পেশাদারি কোর্স চালুর পথে বর্ধমান বিশ্ববিদ্যালয়। সব ঠিক থাকলে জুন - জুলাই মাসেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। সম্প্রতি ইসি-র বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং গোটা প্রক্রিয়া দেখভালের দায়িত্বও একজন আধিকারিককে দেওয়া হয়েছে। 

উপাচার্য শঙ্করকুমার নাথ জানিয়েছেন, বর্তমান চাকরির বাজারে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং - ভিত্তিক শিক্ষার চাহিদা দ্রুত বাড়ছে। সেই কারণেই বিশ্ববিদ্যালয় প্রযুক্তিনির্ভর পাঠক্রমে জোর দিচ্ছে, যাতে পড়ুয়াদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রথাগত বিষয়ে আগের মতো ভর্তির চাপ আর নেই, বহু আসন ফাঁকাও থাকছে। র‌্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি পিছিয়েছে। নতুন ও সময়োপযোগী কোর্স চালুর মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে পড়ুয়াদের আগ্রহ যেমন বাড়বে, তেমনই বিশ্ববিদ্যালয়ের আয়ও বৃদ্ধি পেতে পারে। 

কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধীনে টেকনিক্যাল কলেজ থাকলেও সেখানে যে বিষয়গুলি পড়ানো হয়, তার পুনরাবৃত্তি হবে না। সম্পূর্ণ আলাদা ও আধুনিক বিষয়েই ক্লাস শুরু হবে। বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের কোর্স করতে বেশি খরচ হলেও বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম ব্যয়ে পড়ার সুযোগ মিলবে। ভর্তি সংক্রান্ত যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত শীঘ্রই জানানো হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন