দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা হয়ে আগরতলা–কলকাতা আন্তর্জাতিক সরাসরি বাস পরিষেবা আবার চালু হয়েছে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এই পরিষেবা স্থগিত ছিল। দীর্ঘ বিরতির পর পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় দুই দেশের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
গতকাল বিকেলে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে ছেড়ে আসা ‘রয়্যাল মৈত্রী’ বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। এর আগে ২১ ফেব্রুয়ারি আগরতলার কৃষ্ণনগর বাস ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল বলে আখাউড়া ইন্টিগ্রেটেড চেক পোস্ট সূত্রে জানা গেছে।
আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবার জেনারেল ম্যানেজার ওয়ারিশ আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে সপ্তাহে দুই দিন বাস চলাচল করবে। পরিস্থিতি স্থিতিশীল থাকলে ধীরে ধীরে তা সপ্তাহে তিন দিনে উন্নীত করা হতে পারে।
এই রুটটি যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক। আগরতলা থেকে গুয়াহাটি হয়ে ট্রেনে কলকাতার দূরত্ব যেখানে প্রায় ১,৫০০ কিলোমিটার, সেখানে ঢাকা হয়ে বাসপথে দূরত্ব কমে প্রায় ৫০০ কিলোমিটারে নেমে আসে। এতে সময় ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন