Top News

ই-২০ যুগে দেশ: ১ এপ্রিল থেকে নতুন নিয়ম, বড়ো বদল পেট্রল বিক্রিতে

১ এপ্রিল থেকে দেশজুড়ে বড় পদক্ষেপ। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ শতাংশ ইথানল-মিশ্রিত পেট্রল বিক্রি বাধ্যতামূলক করল কেন্দ্র। সঙ্গে ন্যূনতম ‘রিসার্চ অক্টেন নম্বর’ (আরওএন) ৯৫ রাখা হবে, যাতে ইঞ্জিনের ক্ষতি এড়ানো যায়।


কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’-এর নির্দিষ্ট মান মেনে তেল সংস্থাগুলিকে ই-২০ মোটর স্পিরিট বাজারে আনতে হবে। বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট অঞ্চলে সীমিত সময়ের জন্য ছাড় দেওয়া হতে পারে।

আখ, ভুট্টা ও অন্যান্য শস্য থেকে তৈরি ইথানলকে পুনর্নবীকরণযোগ্য ও কম দূষণকারী জ্বালানি হিসেবে তুলে ধরছে কেন্দ্র। তেল আমদানি কমানো, দূষণ হ্রাস এবং কৃষকদের বাড়তি বাজার নিশ্চিত করাই এই সিদ্ধান্তের লক্ষ্য বলে দাবি সরকারের। খাদ্য মন্ত্রকের হিসেব, ৬০ লক্ষ টনের বেশি উদ্বৃত্ত চিনি ও ১.৬৫ কোটি টন শস্য ইথানল তৈরিতে ব্যবহার হবে। এতে ৪০ হাজার কোটি টাকার লগ্নি ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। বছরে প্রায় ৫০ হাজার কোটি টাকা তেল আমদানির খরচ কমতে পারে বলেও দাবি।

আরওএন ৯৫ রাখার কারণ, ইঞ্জিনে ‘নকিং’ বা অসম জ্বালন রোধ করা। ইথানলের অক্টেন মান প্রায় ১০৮ হওয়ায় মিশ্রণ বাড়লে নকিং প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। ২০২২ সালে ১০ শতাংশ থেকে শুরু হওয়া মিশ্রণ এ বার ২০ শতাংশে উঠছে। ২০২৫ সালের এপ্রিল থেকে সব নতুন গাড়িই ই-২০ উপযোগী ইঞ্জিন নিয়ে বাজারে আসবে।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, তেল আমদানির খরচ কমলেও গ্রাহকের পকেটে তার প্রতিফলন আদৌ ঘটবে তো? ইথানল-মিশ্রিত জ্বালানির দাম কমবে কি না, সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট জবাব মেলেনি। ফলে এখনই জ্বালানির দাম কমছে কিনা তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Post a Comment

নবীনতর পূর্বতন