পরপর দু’দিন কমল পারদ, সকাল সন্ধ্যায় বাড়ছে ঠান্ডার অনুভূতি
এখনই শীতের হাত থেকে নিস্তার নেই শহরবাসীর। ফেব্রুয়ারির শুরুতেই আবার নতুন চমক। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ। পরপর দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রির ঘরে। ফলে আবারও সকালের ঠান্ডা হাওয়া আর সন্ধ্যার শীতল আমেজে মুড়েছে মহানগর। মাঘ মাস প্রায় শেষের মুখে। ধীরে ধীরে পারদও ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। কিন্তু হঠাৎই পারদ পতন।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর ভারতের ঠান্ডা হাওয়ার প্রভাবেই এই তাপমাত্রা পতন। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকায় রাতের তাপ দ্রুত বেরিয়ে যাচ্ছে। এই দুই কারণেই দ্রুত কমছে তাপমাত্রা। ফলে ভোরের দিকে কুয়াশা, ঠান্ডা বাতাস এবং কম তাপমাত্রা মিলিয়ে শীতের অনুভূতি আরও বেড়েই চলেছে।
চিকিৎসকদের মতে, এই সময়ে ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যা বাড়তে পারে। তাই গরম পোশাক পরা, পর্যাপ্ত জল পান করা এবং হঠাৎ ঠান্ডা-গরম এড়িয়ে চলা জরুরি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। তবে আপাতত রাত ও ভোরের দিকে শীতের দাপট বজায় থাকবে। অর্থাৎ, এখনই শীতের পুরোপুরি বিদায় নিশ্চিত নয়। এ যেন শেষ হয়েও হইলো না শেষ পরিস্থিতি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী সাতদিন প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী চারদিন রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পরবর্তী তিনদিনে ধীরে ধীরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে আগামী পাঁচদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকতে পারে। জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকাতেও কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াস।
এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না শীত। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শীতের এই বাড়তি ইনিংসে কেউ খুশি, কেউ আবার উষ্ণ আবহাওয়ার অপেক্ষায়। বসন্তের রোদ আর মনোরম আবহাওয়া কবে ফিরবে, সেই প্রশ্ন এখন শহরজুড়ে।
তবে আপাতত স্পষ্ট, কলকাতায় শীত এখনও নিজের উপস্থিতি জানান দিচ্ছে। আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া মোটামুটি একইরকম থাকবে। তাপমাত্রায় খুব বেশি ওঠানামা হবে না। আবহাওয়া প্রধানত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।

একটি মন্তব্য পোস্ট করুন