Top News

ভোটের আগের দিন বাংলাদেশে চাঞ্চল্য, বিমানবন্দরে ৫০ লক্ষাধিক টাকাসহ জামায়াত নেতা আটক



ভোটের ঠিক আগের দিন বাংলাদেশে তৈরি হলো তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। ব্যাগভর্তি বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামির আমির বেলাল উদ্দিন প্রধান। বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তাঁকে আটক করে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান। আগাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই অবস্থান নেয় পুলিশ। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তল্লাশি চালিয়ে বেলাল উদ্দিনের ব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল উদ্দিন নিজেই স্বীকার করেন, তাঁর ব্যাগে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মতো নগদ অর্থ রয়েছে। টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন, অর্থটি তাঁর বস্ত্র ব্যবসার।

তবে ভোটের ঠিক আগের দিন এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনকে ঘিরে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়। জিজ্ঞাসাবাদের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বেলাল উদ্দিন। এরপর দুপুর ১টা নাগাদ তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে ভর্তি করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান,
“উদ্ধার হওয়া অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ চলছিল। ঠিক সেই সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। নির্বাচনের আগে এ ধরনের ঘটনায় আমরা বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখছি।”

পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ এখনও গণনা করা হয়নি। সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে পরবর্তী সময়ে সেই টাকা গোনা হবে।

এদিকে দিনের শেষভাগে ঘটনায় নতুন তথ্য সামনে আসে। জানা যায়, ওই নগদ অর্থ বহনের জন্য বেলাল উদ্দিনের কাছে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষের দেওয়া অনাপত্তিপত্র ছিল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজে নগদ অর্থ বহনের ক্ষেত্রে বাংলাদেশে কোনও নির্দিষ্ট আইনি সীমা নেই।

তবে কাস্টমসের ছাড়পত্র থাকলেও ভোটের আগের দিন একজন রাজনৈতিক নেতার কাছে এত বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন—এই অর্থ কোথা থেকে এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে নির্বাচনি কোনও উদ্দেশ্য জড়িত ছিল কি না। 

Post a Comment

নবীনতর পূর্বতন