Top News

আট দিনের টানাপোড়েনের পর ভারত ম্যাচে রাজি পাকিস্তান

 


দীর্ঘ আট দিন অবস্থানে অনড় থাকার পর অবশেষে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এই ম্যাচ খেলতে সম্মত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে কিছু বিশেষ সুবিধা পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে বিশ্বকাপ শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি।

পিটিআই–কে পিসিবির এক সূত্র জানায়, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে সম্মত হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কিছু ছাড় ও সুবিধা দেওয়ার বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে। বিষয়টি আপাতত গোপন রাখা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত বদলের নেপথ্যে ছিল আন্তর্জাতিক চাপ ও আর্থিক বাস্তবতা। ভারত–পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল, যার প্রভাব পড়ত অংশগ্রহণকারী সব দেশের রাজস্ব ভাগে।

পিটিআই জানাচ্ছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি কৌশলগতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন একটি চিঠি পাঠাতে, যাতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ জানানো হয়। সেই চিঠিকে সামনে রেখেই পাকিস্তান পরে অবস্থান পরিবর্তনের যুক্তি তুলে ধরে।

বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেট বোর্ড পাকিস্তানকে একই ধরনের অনুরোধ জানায়। ক্রমবর্ধমান চাপের মুখে এবং সরাসরি পিছু হটার বদলে কূটনৈতিক পথ বেছে নিয়ে পাকিস্তান ম্যাচ খেলতে সম্মত হয়।

সোমবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন মহসিন নকভি। বৈঠক শেষে পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধ ও আন্তর্জাতিক আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিকেটের ঐতিহ্য ও সদস্য দেশগুলোর স্বার্থ রক্ষার কথাও উল্লেখ করা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, খেলোয়াড়েরা মাঠে খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন