ভোটের আগেই খাস কলকাতায় চাঞ্চল্যকর ঘটনা। বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় বন্ধুর ফ্ল্যাটে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রাহুল দে (৩৫)। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু জিৎ মুখোপাধ্যায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার রাতে রাহুলকে তাঁর বন্ধু জিৎ মুখোপাধ্যায় ওই ফ্ল্যাটে ডেকেছিলেন। জিতের পরিবারের দাবি, রাত সাড়ে ১২টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী আচমকা ফ্ল্যাটে ঢুকে পড়ে। তারপরই শুরু হয় গুলি চালানো। গুলিতে গুরুতর জখম হন রাহুল, পরে তাঁর মৃত্যু হয়। জখম হন জিৎও।
এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক এবং জয়ন্ত ঘোষ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জুয়া খেলার টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বচসার জেরেই এই হামলা।
স্থানীয়দের দাবি, গভীর রাতে ওই চারতলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ শুনতে পান তাঁরা। এরপরই পাটুলি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও তদন্তে নামে।
কীভাবে দুষ্কৃতীরা ফ্ল্যাটে ঢুকে গুলি চালিয়ে পালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাহুল ও জিতের সম্পর্ক নিয়েও খোঁজ নিচ্ছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলি চলার সময় ফ্ল্যাটের ছাদে বেশ কয়েক জন উপস্থিত ছিলেন এবং খাওয়াদাওয়া চলছিল। এই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে—এত রাতে, এমন জনবহুল এলাকায়, কীভাবে এত বড় ঘটনা ঘটল? এখন সেই উত্তর খুঁজতেই তদন্তে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন