মধ্যপ্রাচ্যের টানটান পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করল ইরান। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ নয়—বরং ‘বন্ধু’ দেশগুলোর জাহাজ চলাচলের জন্য তা খোলা রাখা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান-সহ মোট পাঁচটি দেশ।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যেসব দেশের সঙ্গে ইরানের শত্রুতা নেই, তাদের জাহাজকে নিরাপদে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে। প্রকাশ্যে আনা পাঁচ বন্ধু দেশগুলোর তালিকায় রয়েছে—চিন, রাশিয়া, ভারত, ইরাক এবং পাকিস্তান।
কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, ঠিক কোন কোন দেশ এই ছাড় পাচ্ছে। বিশেষ করে একটি পাকিস্তানমুখী জাহাজ হরমুজ পার হওয়ার সময় সমস্যায় পড়ার খবর সামনে আসার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়। এরপরই রাতে স্পষ্ট করে নাম জানিয়ে দেয় তেহরান।
ইরানের দাবি, ইতিমধ্যেই এই দেশগুলোর কিছু জাহাজ নিরাপদে হরমুজ পার করেছে এবং ভবিষ্যতেও আরও জাহাজ যাবে। এমনকি বাংলাদেশের জাহাজও এই সুবিধা পেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান।
তবে এই অনুমতির সঙ্গে রয়েছে কিছু শর্তও। ইরানের সঙ্গে আগাম যোগাযোগ রেখে চলতে হবে, এবং কোনওভাবেই ইরানের বিরুদ্ধে কোনও সামরিক বা সহায়ক কার্যকলাপে যুক্ত থাকা যাবে না। পাশাপাশি, ইরানের নির্ধারিত নিরাপত্তা নিয়ম মেনে চলাও বাধ্যতামূলক।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। তাই ইরানের এই সিদ্ধান্ত শুধু কূটনৈতিক বার্তাই নয়, বৈশ্বিক বাণিজ্যের দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন