পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এ বার বড় বদল। দীর্ঘ ২৫ বছর পর এত কম দফায় ভোট হতে চলেছে রাজ্যে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বার মাত্র দু’দফায় ২৯৪ টি আসনে ভোটগ্রহণ হবে।
প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার, যেখানে মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই দফায় মূলত উত্তরবঙ্গের সমস্ত জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভোট হবে। পাশাপাশি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ হবে।
দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, বুধবার। এই দফায় ভোটগ্রহণ হবে কলকাতা-সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। নির্বাচন কমিশন কলকাতাকে দুটি নির্বাচনী জেলায় ভাগ করায় দ্বিতীয় দফায় মোট আটটি নির্বাচনী জেলায় ভোট হবে।
ভোটের ফল ঘোষণা করা হবে ৪ মে, সোমবার।
উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গে শেষবার ২০০১ সালে এক দফায় নির্বাচন হয়েছিল। পরে বিভিন্ন সময়ে একাধিক দফায় ভোট হয়েছে। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়, যা কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে চলেছিল।
তাই প্রশ্ন উঠছে—দীর্ঘদিন পর কম দফার এই নির্বাচন কি বদলে দেবে বাংলার রাজনৈতিক সমীকরণ? নাকি ফলাফলে আবারও দেখা যাবে পুরনো সেই ছবিই?

একটি মন্তব্য পোস্ট করুন