Top News

জাপানে ৭.৪ মাত্রায় অনুভুত ভূমিকম্প; জারি সুনামির সতর্কবার্তা

 


টোকিও, জাপান | ২০ এপ্রিল ২০২৬: টেলিভিশনের পর্দায় জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির সুনামি সতর্কবার্তা সম্প্রচার—ভূমিকম্পের জেরে উপকূলজুড়ে বাড়ছে উদ্বেগ। (ছবি: রয়টার্স)


জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। জাপানের আবহাওয়া সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী,ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। সমুদ্রের অগভীর স্তরে এই শক্তিশালী কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি অনেক বেড়ে গেছে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ইওয়াত উপকূলের কাছে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।এই ভূমিকম্পের কারণে ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কম্পন রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয়, যেখানে কয়েক মিনিট ধরে ভবনগুলো দুলতে থাকে।প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রতীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জাপান ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় সেখানে উন্নত পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে। তবুও এত উচ্চমাত্রার কম্পন এবং সম্ভাব্য সুনামি পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকেতে জাপানি ভাষাভাষী নন, এমন নাগরিকদের জন্য ইংরেজিতে সতর্কবার্তা ভেসে ওঠে -'Tsunami! Evacuate!' এবং 'Don't turn back.'

টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 'এই মুহূর্তে আমরা এখনো ক্ষয়ক্ষতি এবং বাসিন্দাদের ওপর প্রভাব যাচাই করছি। খুব শিগগিরই বিস্তারিত প্রতিবেদন পাওয়া যাবে এবং আমরা দুর্যোগ মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নেব। 

সূত্র: আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও জাপান আবহাওয়া সংস্থা

Post a Comment

নবীনতর পূর্বতন