হেডফোন নেই?? দিতে হতে পারে ৫০০ টাকা: চেন্নাই মেট্রো
মেট্রো যাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দ দূষণ রুখতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল চেন্নাই মেট্রো রেল। ট্রেন বা স্টেশন চত্বরে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা, গান বা ভিডিও চালানো এখন এটা নিত্যদিনের ঘটনা। আশপাশের যাত্রীরা বিরক্ত হচ্ছে কিনা সেদিকে খেয়াল থাকে না রিলস প্রেমীদের। এসবের বিরুদ্ধে এবার জরিমানা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি সংবাদ মাধ্যম 'দ্য হিন্দু'-তে প্রকাশিত একটি প্রতিবেদন—“The growing nuisance of reels on loudspeakers in Chennai Metro trains” (২১ মার্চ)—যাত্রীদের সমস্যার বিষয়টি সামনে আনে। সেখানে উল্লেখ করা হয়, অনেক যাত্রী হেডফোন ছাড়াই ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস উচ্চস্বরে দেখেন, যার ফলে সহযাত্রীদের ভোগান্তি বাড়ছে।
এর প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল শুক্রবার, মেট্রো কর্তৃপক্ষ একটি বাধ্যতামূলক নির্দেশিকা জারি করে। যাত্রীদের উদ্দেশে আবেদন জানানো হয়েছে, “সহযাত্রীদের প্রতি বিবেচনাশীল আচরণ করুন।” মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো রেলওয়ে (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) আইন ২০০২-এর ৫৯ নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে কোনও কাজ যা অন্য যাত্রীদের অসুবিধা বা অস্বস্তির কারণ হয়, তা দণ্ডনীয় অপরাধ। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কেউ যদি মোবাইল ব্যবহার করে হেডফোন ছাড়া গান বা ভিডিও চালান, কিংবা জোরে কথা বলেন, তবে তাঁকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট যাত্রীকে স্টেশন চত্বর থেকেও সরিয়ে দিতে পারেন কর্তৃপক্ষের অনুমোদিত কর্মীরা।
মেট্রো সূত্রে জানা গেছে, এই নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে ট্রেন ও স্টেশনগুলিতে নিয়মিত ঘোষণা করা হবে। পাশাপাশি ‘পিঙ্ক স্কোয়াড’ (মহিলা নিরাপত্তা তদারকি দল), কুইক রেসপন্স টিম এবং মেট্রো আধিকারিকরা নজরদারি চালাবেন। কোনও অভিযোগ পেলে বা সরাসরি এমন ঘটনা ধরা পড়লে সঙ্গে সঙ্গেই জরিমানা করা হবে।
যাত্রীদের একাংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এই উদ্যোগ মেট্রো যাত্রাকে আরও আরামদায়ক ও শান্ত করবে এবং পাবলিক ট্রান্সপোর্টে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

একটি মন্তব্য পোস্ট করুন