ভোট যত এগোচ্ছে, ততই সামনে আসছে টাকার খেলা। কলকাতার রাস্তায় এবার ধরা পড়ল গাড়ি ভর্তি নগদ টাকা—শোভাবাজারে নাকা চেকিংয়ে বড়সড় উদ্ধার।
মঙ্গলবার সকালে উত্তর কলকাতার শোভাবাজারে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা। সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় এই অভিযান চালায় কলকাতা পুলিশ। ঘটনাস্থল থেকেই গাড়িসহ দু’জনকে আটক করা হয়েছে। টাকার কোনও স্পষ্ট উৎস না মেলায় বিষয়টি জানানো হয়েছে আয়কর দফতরকে।
ভোটের দিন যত এগিয়ে আসছে, শহর জুড়ে ততই বাড়ছে নজরদারি। নির্বাচন ঘোষণার পর থেকেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। আর তাতেই একের পর এক সামনে আসছে এমন ঘটনা।
কয়েকদিন আগেই টালিগঞ্জের নেতাজিনগর এলাকায় একটি গাড়ি থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই টাকারও কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি মালিক। ফলে পুরো টাকাই বাজেয়াপ্ত করা হয়।
শুধু কলকাতাতেই নয়, উত্তরবঙ্গেও একই ছবি। অসম থেকে কোচবিহারে ঢোকা একটি বাস এবং একটি চারচাকার গাড়ি থেকে মোট প্রায় ৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন রাজ্যজুড়ে নিরাপত্তা আরও কড়া করেছে। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নিয়মিত তল্লাশি, যাতে ভোটের আগে কালো টাকার ব্যবহার আটকানো যায়।
এদিকে আইএএস ও আইপিএস অফিসার বদল নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বাইরে থেকে টাকা ঢোকানোর সুযোগ করে দিতেই এই বদলি। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতেই কমিশনের এই পদক্ষেপ।
ভোট শেষ হলেও রাজ্যে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনও অশান্তি না হয়।
কিন্তু এত তল্লাশি, এত কড়াকড়ির মাঝেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে—
এই টাকার উৎস কোথায়? আর ভোটের আগে এই টাকা ঠিক কার জন্য, কিসের জন্য?
সত্যিই কি সবকিছু ধরা পড়ছে, নাকি এখনও অনেক কিছু অন্ধকারেই রয়ে যাচ্ছে?

একটি মন্তব্য পোস্ট করুন