কলকাতা,১৮ই এপ্রিল : ২০২৬ এর বিধানসভা ভোটের আগেই তোলপাড় গোটা রাজ্যজুড়ে - না ঝড় না সুনামি, মূলত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার জেরেই রাজ্যজুড়ে ভোটারতালিকা থেকে বাদ বহু লক্ষ লোকের নাম। বর্তমান গণনা অনুযায়ী প্রায় ৯০.৬৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কড়া নজরদারিতে চলা এই প্রক্রিয়ায় এখন কার্যত প্রশাসনের নাভিশ্বাস ওঠার জোগাড়।
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় মূলত দুটি পর্যায় নাম বাদ দেওয়া হয়: (প্রথম পর্যায়) গত ডিসেম্বর ২০২৫-এ প্রায় ৫৮.২ লক্ষ নাম বাদ যায়। (দ্বিতীয় পর্যায়) সাম্প্রতিক তালিকায় আরও ২৭ লক্ষ নাম বাতিল হয়েছে।
এবছরের এসআইআর-কে কোনো সাধারণ প্রক্রিয়া বলা চলে না, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার সরাসরি এই যাচাই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। প্রায় ৬০ লক্ষেরও বেশি অমীমাংসিত কেস বিচারকদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে আইনি স্বচ্ছতা বজায় রাখা এখন প্রশাসনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
নির্বাচন যখন দোরগোড়ায়, তখন হাজার হাজার মানুষ ভোটারতালিকায় খুঁজে পাচ্ছে না নাম। বৈধ পাসপোর্ট বা পরিচয়পত্র থাকা সত্ত্বেও বহু মানুষকে 'তদন্তাধীন' তালিকায় রাখা হয়েছে। 'নিজেরই দেশে নাগরিকত্বের আবার প্রমান দিতে হবে নাকি?'
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভুয়ো ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারীদের সরানোর জন্যই এতো উদ্যোগ। অন্যদিকে বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রাজ্যের রাজনৈতিক ও সামাজিক ভারসাম্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন