বর্তমানে গ্যাসের লাইনে দাঁড়িয়ে হাঁফিয়ে উঠেছেন সাধারণ মানুষ। সিলিন্ডার পাওয়া যেন লটারির মতো—এই সময়েই চমকে দেওয়া সমাধান নিয়ে সামনে এল গুজরাট সরকার। ভরসা এবার গোবর।
পরিকল্পনা অনুযায়ী, রাজ্যজুড়ে ১০টি বায়ো-সিএনজি প্লান্ট তৈরি হবে। ডেয়ারি শিল্প থেকে সংগৃহীত গোবর ও অন্যান্য বর্জ্য পদার্থ এই প্লান্টগুলিতে প্রক্রিয়াকরণ করা হবে। সেখান থেকেই তৈরি হবে বায়োগ্যাস, যা ব্যবহার করা যাবে যানবাহন ও শিল্পক্ষেত্রে।
প্রাথমিক হিসাব বলছে, প্রতিটি প্লান্টে প্রতিদিন প্রায় ১ লক্ষ কিলো গোবর প্রক্রিয়াকরণ করা সম্ভব। অর্থাৎ, একদিকে জ্বালানি উৎপাদন, অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাও একসঙ্গে সামলানো যাবে।
শুধু তাই নয়, এই প্রকল্পে নতুন রোজগারের পথও খুলতে পারে। সরকার কেজি প্রতি ১ টাকা দরে কৃষক ও পশুপালকদের কাছ থেকে গোবর কিনবে। ফলে অন্তত ৪৫০টি পরিবারের আয় বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্র সরকারও দীর্ঘদিন ধরেই বায়োগ্যাস প্রকল্পে জোর দিচ্ছে। ‘গোবর্ধন’ প্রকল্পের মাধ্যমে গোবর থেকে গ্যাস ও জৈব সার উৎপাদনকে উৎসাহ দেওয়া হচ্ছে, যেখানে ইতিমধ্যেই বিপুল বিনিয়োগ করা হয়েছে।
সব মিলিয়ে, সংকটের সময় পুরনো উপায়ই নতুন ভরসা হয়ে উঠছে। এখন দেখার বিষয়, গোবরভিত্তিক এই উদ্যোগ আদৌ কতটা সফল হয়।


একটি মন্তব্য পোস্ট করুন