Top News

ভোটের আগে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’! বিরোধীদের ঘায়েল করতে নতুন চালে তৃণমূল

ভোটের লড়াই জমে উঠতেই নতুন কৌশল তৃণমূলের। এবার প্রতিটি বিধানসভায় বসছে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’—সরাসরি ভোটারদের সামনে প্রতিশ্রুতি।


শাসকদল সূত্রে খবর, রাজ্যের মোট ২৯১টি কেন্দ্রেই এই স্তম্ভ বসানো হবে। আর প্রতিটি স্তম্ভে লেখা থাকবে ১০টি করে প্রতিশ্রুতি। কিন্তু এই প্রতিশ্রুতি শুধু কাগজে নয়, সরাসরি রাস্তায়। যাতে সবাই দেখতে পায়, মনে রাখে।

প্রথম দফার ভোট যেসব কেন্দ্রে, সেখানে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। এলাকাভিত্তিক চাহিদা বুঝে তৈরি হচ্ছে এই প্রতিশ্রুতির তালিকা।

কোথাও রাস্তা, কোথাও সেতু, কোথাও পানীয় জল—লোকাল সমস্যার সমাধানই এবার মূল লক্ষ্য।

তৃণমূল নেতাদের দাবি, এইভাবে সরাসরি মানুষের চাহিদা বুঝে প্রতিশ্রুতি দেওয়ার উদাহরণ দেশে খুব কমই আছে।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির ‘চার্জশিট’ রাজনীতির জবাব দিতেই এই নতুন পদক্ষেপ। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের ১৫ বছরের শাসন নিয়ে আক্রমণ করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই ‘চার্জশিট’ প্রকাশ করেন।

তারপর থেকেই পাল্টা আক্রমণে তৃণমূল। আর সেই লড়াইয়েই এখন সামনে এসেছে ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। দলের তরফে জানা গিয়েছে, এই প্রতিশ্রুতিগুলি শুধু স্তম্ভেই নয়, প্যামফ্লেট আকারে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

অর্থাৎ, ভোটের পরেও যাতে মানুষ এই প্রতিশ্রুতি ভুলে না যান, সেটাই নিশ্চিত করতে চাইছে তৃণমূল। আগেই রাজ্য স্তরে ‘১০ প্রতিজ্ঞা’ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভাবনাই পৌঁছে যাচ্ছে প্রতিটি এলাকায়, একেবারে মানুষের দরজায়।

ভোটের আগে প্রতিশ্রুতির নতুন খেলা—এবার নজর ‘প্রতিজ্ঞা স্তম্ভে’।

Post a Comment

নবীনতর পূর্বতন