Top News

কর্তব্যরত পুলিশ অফিসারকে সপাটে চড়! ধুন্ধুমার মানিকচকে

যানজট সামলাতে গিয়ে এক মত্ত বাইক আরোহীর হাতে আক্রান্ত হলেন কর্তব্যরত এক পুলিশ অফিসার। শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী মোড়ে। প্রকাশ্য রাস্তায় পুলিশ কর্মীকে চড় মারার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ছবি: এআই 


শনিবার হাটবার থাকায় মানিকচকের চৌরঙ্গী মোড়ে সকাল থেকেই ছিল প্রবল ভিড়। যানজট নিয়ন্ত্রণে মানিকচক থানার এএসআই (ASI) বিকাশচন্দ্র রায় কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে নিয়ে দায়িত্ব সামলাচ্ছিলেন। অভিযোগ, রাস্তার ধারে বেআইনিভাবে মোটরবাইক পার্ক করে যানজট বাড়িয়েছিলেন ভুতনির বাসিন্দা বাপি মণ্ডল। সিভিক ভলান্টিয়াররা তাঁকে বাইক সরাতে বললেও তিনি কর্ণপাত করেননি। এরপর এএসআই বিকাশবাবু নিজে গিয়ে বাইকটি সরাতে বললে উত্তেজিত হয়ে ওঠেন ওই চালক।

অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে মেজাজ হারিয়ে পুলিশ অফিসার বিকাশচন্দ্র রায়কে লক্ষ্য করে সপাটে চড় মারেন বাপি মণ্ডল। এই নজিরবিহীন ঘটনায় স্তম্ভিত হয়ে যান পথচারীরা। সিভিক ভলান্টিয়াররা বাপিকে ধরতে গেলে স্থানীয়দের মধ্যে কয়েকজন তাঁর পক্ষ নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেই সুযোগে স্ত্রী ও দুই নাবালক সন্তানকে নিয়ে চম্পট দেন ওই চালক।

যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বাপি মণ্ডল। তাঁর দাবি, "পুলিশ অফিসারই প্রথম বিনা কারণে আমাকে দু-গালে থাপ্পড় মারেন। স্ত্রী-সন্তানদের সামনে হেনস্থা করায় আমি শুধু প্রতিবাদ করেছি।"

ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে পুলিশ মহলে। আক্রান্ত এএসআই বিকাশচন্দ্র রায় ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, বাইকের নম্বরটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্ত চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।


Post a Comment

নবীনতর পূর্বতন