সাগরের মাঝপথে শুরু হয়েছে এক আজব দড়-কষাকষির খেলা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় জাহাজ চলাচলের প্রধান পথ 'হরমুজ প্রণালী' কার্যত বন্ধ। আর এই এক যুদ্ধের ধাক্কায় বিশ্বের অন্য প্রান্তের 'পানামা খাল' পার হতে ব্যবসায়ীদের এখন গুনতে হচ্ছে কোটি কোটি টাকা।
![]() |
| ছবি সংগৃহীত: MercoPress |
হঠাৎ কেন এই হুলুস্থুল?
সাধারণত পানামা খাল পার হতে একটি জাহাজের খরচ হয় ৩ থেকে ৪ লাখ ডলার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই খরচ আকাশ ছুঁয়েছে। সম্প্রতি একটি তেলের জাহাজ সিরিয়াল পাওয়ার জন্য সাধারণ খরচের বাইরেও অতিরিক্ত ৪০ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ কোটি টাকা বা বাংলাদেশী টাকায় ৪৪ কোটি টাকা) দিয়ে এক ধাক্কায় খাল পার হয়েছে।
আসলে হরমুজ প্রণালীতে ড্রোন আর মিসাইল হামলার ভয়ে কোম্পানিগুলো প্রাণহানি আর মালপত্র নষ্ট হওয়ার ঝুঁকি নিতে চাইছে না। তাদের কাছে কয়েক দিন সাগরে আটকে থাকার চেয়ে চড়া দামে পানামা খাল পার হওয়াটাই এখন লাভজনক মনে হচ্ছে।
নিলামে মিলছে সিরিয়াল নম্বর
পানামা খালে জাহাজ পারাপারের নিয়ম হলো আগে থেকে বুকিং রাখা। কিন্তু এখন এতো বেশি জাহাজ ভিড় করছে যে বুকিং ছাড়া পার হওয়া অসম্ভব। এই সুযোগে পানামা কর্তৃপক্ষ একটি 'নিলাম' বা অকশনের ব্যবস্থা করেছে। অর্থাৎ, যে কোম্পানি সবথেকে বেশি টাকা দেবে, তাদের জাহাজই আগে পার করে দেওয়া হবে। অনেকটা লাইনে দাঁড়িয়ে থাকার বদলে বেশি টাকা দিয়ে টিকিট কিনে আগে ঢোকার মতো!
![]() |
| ছবি সংগৃহীত: টেস্টবুক |
এইমুহূর্তে চড়া দাম হওয়া সত্ত্বেও পার হওয়া কেন এতো জরুরি?
১. জ্বালানি সংকট: সিঙ্গাপুরের মতো দেশগুলোতে তেলের অভাব দেখা দিয়েছে। তাই তেলের জাহাজগুলো দেরি করতে পারছে না।
২. নিত্যপণ্যের অভাব: চীন থেকে ইউরোপ বা আমেরিকায় গাড়ি, ইলেকট্রনিক্স আর শস্যের মতো জরুরি পণ্য পাঠাতে দেরি হলে সারা বিশ্বে সেগুলোর দাম বেড়ে যাবে।
৩. নিরাপদ পথ: যুদ্ধের ঝুঁকি এড়াতে বীমা কোম্পানিগুলোও এখন পানামা খাল ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
আমাদের ওপর কী প্রভাব পড়তে পারে?
এই বাড়তি খরচের বোঝা ঘুরেফিরে সেই সাধারণ মানুষের ওপরেই আসবে। এক বছর আগে যেখানে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৬৬ ডলার, সেখানে তা এখন বেড়ে হয়েছে ১০৭ ডলার। জাহাজ চলাচলের খরচ এভাবে বাড়তে থাকলে সামনের দিনগুলোতে ল্যাপটপ, মোবাইল ফোন কিংবা আমদানিকৃত খাবারের দাম অনেকটাই বেড়ে যেতে পারে।
সংক্ষেপে মূল তথ্য:
- যুদ্ধের প্রভাব: হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হওয়ায় সবাই পানামা খালের দিকে ঝুঁকছে।
- নিলামের লড়াই: আগে পার হওয়ার জন্যে ব্যবসায়ীরা ৪৪ কোটি টাকা পর্যন্ত খরচ করছেন। নিলামে মিলছে সিরিয়াল নম্বর।
- তেলের বাজারে আগুন: তেলের দাম বাড়ায় পরিবহন খরচও রেকর্ড ছুঁয়েছে।
- পণ্যের দাম বৃদ্ধি: পরিবহন খরচ বাড়ায় বিশ্ববাজারে জিনিসের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গাড়ি থেকে শুরু করে ইলেকট্রনিক্স—সবকিছুর সাপ্লাই চেইনে টান পড়েছে।
সাগরের এই অস্থিরতা কতদিন চলবে তা নিয়ে চিন্তিত বিশ্ব অর্থনীতিবিদরা। তবে আপাতত পানামা সরকারের জন্য এই পরিস্থিতি যেন ‘মেঘ না চাইতেই জল’! তবে সাগরের এই অস্থিরতা দ্রুত না কমলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধস নামতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


একটি মন্তব্য পোস্ট করুন