এক ধাক্কায় ভোটার তালিকা থেকে উধাও প্রায় এক কোটির কাছাকাছি নাম—নির্বাচনের মুখে এমন ছবিতে স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। কি হবে আসন্ন বিধানসভা নির্বাচনের ফলাফল। ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে ভোট বাক্সে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ঘিরে বড়সড় পরিবর্তনের তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন।
সোমবার গভীর রাতে কমিশনের তরফে জেলা অনুযায়ী ‘ডিলিটেড’ বা বাদ পড়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সব মিলিয়ে মোট প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিবেচনাধীন ছিলেন মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। অন্যদিকে, এই তালিকা থেকে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম আবার চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। সব মিলিয়ে এখন বাদ পড়া নামের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে।
তবে কমিশন জানিয়েছে, বিবেচনাধীন তালিকার সব তথ্য এখনও সম্পূর্ণ প্রকাশিত হয়নি। মোট ৬০ লক্ষের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জনের নামের নিষ্পত্তি হলেও এখনও ই-স্বাক্ষর হয়নি। সেই প্রক্রিয়া সম্পন্ন হলে বাদ পড়া বা যুক্ত হওয়া নামের সংখ্যা আরও কিছুটা বদলাতে পারে।
এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন শুরুর আগে রাজ্যে মোট ভোটার ছিলেন ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। সংশোধনের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। এরপর ২৮ ফেব্রুয়ারির তালিকায় আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ যায়।
জেলা ভিত্তিক হিসাবেও উঠে এসেছে বড় ফারাক। সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে—মোট ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জন।
এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে মোট বাদ পড়েছে ১২ লক্ষ ৬০ হাজার ৯৬ জনের নাম।
মালদহে বাদ পড়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম।
কলকাতাতেও কম নয় এই সংখ্যা। কলকাতা দক্ষিণে মোট বাদ পড়েছে ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জনের নাম।
কলকাতা উত্তরে সেই সংখ্যা আরও বেশি—৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫।
আর পূর্ব মেদিনীপুরে বাদ পড়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫ জন।
সব মিলিয়ে, ভোটার তালিকায় এই বিশাল রদবদল এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। নির্বাচন যত এগোচ্ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই সংখ্যা। এখন প্রশ্ন একটাই—এই বদল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে?



একটি মন্তব্য পোস্ট করুন