Top News

গাড়ির মধ্যেই মারধোর তারপর লুটপাট,ধৃত দুই ট্যাক্সিচালক

 


অ্যাপক্যাব থেকে অন্য গাড়িতে তুলে মারধর ও ডাকাতির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। গত ১৬ এপ্রিল রাতে কলেজ স্ট্রিটের শেক্সপিয়র সরণি এলাকার একটি পানশালা থেকে বাড়ি ফেরার জন্য অ্যাপক্যাব বুক করেন এক তরুণী, সেই ক্যাবটি নিয়ে আসে বিহারি যাদব নামে একজন ট্যাক্সিচালক। তরুণী কে নিয়ে কিছুদূর যাওয়ার পর মাঝপথে তিনি গাড়ি থামিয়ে বলেন এখান থেকে তিনি আর এগোতে পারবেন না তার ভাই পাপ্পু যাদব তার ক্যাবে করে তরুণীকে তার গন্তব্যে পৌঁছে দেবে। কথামতো তরুণী পাপ্পুর গাড়িতে উঠলে তাকে নিয়ে একটি নির্জন স্থানে যাওয়া হয়। সেখানেই গাড়ির মধ্যেই তরুণীকে মারধর করে অজ্ঞান করার পর তরুণীর কাছে থাকা যাবতীয় জিনিসপত্র লুঠ করে দুই ভাই। এরপর সেই গাড়িতে করে তরুনীকে কলেজ স্ট্রিট এ বাড়ির সামনে রেখে দেয় দুই অভিযুক্ত। পরেরদিন তরুণী দুই ট্যাক্সিচালক এর নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন ।

তদন্তে নেমে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রযুক্তির সাহায্য নিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। কলকাতার গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র জানিয়েছেন, ধৃত দুই ট্যাক্সিচালক পাপ্পু যাদব ও বিহারি যাদবকে শনিবার ইডেন গার্ডেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পাপ্পু এন্টালির শম্ভু বাবু লেনের বাসিন্দা হলেও আদতে তার বাড়ি বিহারের গয়ায়। ধৃত দুই ব্যক্তিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এবং সরকারি কৌঁসুলি সওয়ালে জানা যায়, ঘটনার দিন ট্যাক্সিতে অচৈতন্য হয়ে পড়েন তরুণী। সেই সুযোগে তাঁর সোনার গয়না, দামি মোবাইল ফোন, ব্যাঙ্কের কার্ড, নগদ ৩০ হাজার টাকা ছিনতাই করে অভিযুক্তরা। তদন্তকারীরা ধৃতদের কাছ থেকে তরুণীর খোয়া যাওয়া দুটি সোনার হার, দুটি মোবাইল ফোন, লেডিস পার্স ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করেন এবং অপরাধে ব্যবহৃত দুটি ক্যাব বাজেয়াপ্ত করেছেন। বিচারক ২৭ এপ্রিল পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন ।

Post a Comment

নবীনতর পূর্বতন