মারাঠি ভাষা বাধ্যতামূলক হল এবার মহারাষ্ট্রে
মুম্বই, ২ মে ২০২৬: মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ নেতৃত্বাধীন সরকারের অটো ও ট্যাক্সি চালকদের জন্য মারাঠি ভাষা বাধ্যতামূলক করার প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দলগুলির মধ্যেই এই ইস্যুতে মতভেদ প্রকাশ্যে এসেছে।
রাজ্যের পরিবহন মন্ত্রী প্রতাপ সরনাইক ঘোষণা করেছিলেন, ১ মে ২০২৬ থেকে লাইসেন্সপ্রাপ্ত অটো ও ট্যাক্সি চালকদের মারাঠি ভাষা বলা, পড়া ও লেখা বাধ্যতামূলক করা হবে। এমনকি, এই শর্ত পূরণে ব্যর্থ হলে চালকদের লাইসেন্স বাতিলেরও সতর্কতা দেওয়া হয়েছিল।
এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিহার ও উত্তরপ্রদেশের এনডিএ শরিকরা সরব হয়েছে। তাদের মতে, এই নিয়ম কার্যকর হলে ওই দুই রাজ্য থেকে মহারাষ্ট্রে কাজ করতে আসা হাজার হাজার শ্রমিক ও চালকের জীবিকা বিপন্ন হতে পারে।
জনতা দল (ইউনাইটেড)-এর মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, মহারাষ্ট্রে বহু অ-মারাঠি মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তাদের ভাষা শেখার জন্য যথেষ্ট সময় দেওয়া জরুরি।
অন্যদিকে বিজেপি নেতা গুরু প্রকাশ পাসওয়ান জানান, তারা মারাঠি ভাষা ও মহারাষ্ট্রের সংস্কৃতিকে সম্মান করেন, তবে দেশের যেকোনো নাগরিকের সমান সুযোগ পাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।
বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকায় শেষ পর্যন্ত মহারাষ্ট্র সরকার এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, চালকদের জন্য ১০০ দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করার কথাও ঘোষণা করা হয়েছে।
এই ইস্যু ঘিরে ভাষা, আঞ্চলিকতা ও জীবিকার প্রশ্নে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন