Top News

হায়দ্রাবাদ ঝড়ে আছড়ে পড়ল চেন্নাই! কাদের জায়গা পাকা হল প্লে অফ্ এ?

১৯ এ মে,২০২৬,চিপক: সোমবার(১৮ই মে) রাতে আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠ চিপকে (এম এ চিদম্বরম স্টেডিয়াম) বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে লিগ টেবিলের সমীকরণ আরও কঠিন করে তুলল রুতুরাজ গায়কোয়াড়ের দল। এই জয়ের ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাত টাইটান্সের পর তৃতীয় দল হিসেবে ২০২৬ আইপিএল-এর প্লে-অফের টিকিট পাকা করে ফেলল প্যাট কামিন্সের হায়দরাবাদ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই। কিন্তু শুরুতেই বড় ধাক্কা খায় তারা। ওপেন করতে নেমে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রুতুরাজ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে সিএসকে। ১৮১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় হায়দরাবাদ। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে বিধ্বংসী ব্যাটিং করেন ওপেনার ঈশান কিশন। তাঁর দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় অরেঞ্জ আর্মি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা (প্লেয়ার অফ দ্য ম্যাচ) নির্বাচিত হন ঈশান। চেন্নাইয়ের বোলাররা শেষদিকে কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও কাজের কাজ করতে পারেননি। ৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় প্যাট কামিন্সের দল। এই হারের ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানেই আটকে রইল চেন্নাই সুপার কিংস। প্লে-অফে পৌঁছানোর জন্য তাদের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় রইল না। অন্যদিকে, এই জয়ে শেষ চারের আসন নিশ্চিত করে উৎসবে মাতল হায়দরাবাদ শিবির।

Post a Comment

নবীনতর পূর্বতন