Top News

শনিবার ফের ভোট ১৫ বুথে, নির্বাচন কমিশনের কড়া নজর দুই কেন্দ্রে

         


                ভোটের পরে পুনরায় ভোট? 


কলকাতা ১ লা মে :-দক্ষিণ ২৪ পরগনা জেলার দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার—এই দুই কেন্দ্রে মোট ১৫টি বুথে আগামী শনিবার পুনরায় ভোটগ্রহণ হবে। 

কমিশন সূত্রে জানা গিয়েছে, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে এই পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময় এই দুই কেন্দ্রের একাধিক বুথে অনিয়ম ও অভিযোগের কথা সামনে আসে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা পুনর্নির্বাচনের দাবি জানালে নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে। তাঁর রিপোর্টের ভিত্তিতেই পুনরায় ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

যদিও ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে এবং সেখানে পুনর্নির্বাচনের প্রস্তাব উঠেছে, তবু সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি কমিশন। 

প্রসঙ্গত, ভোট চলাকালীন ইভিএমে কারচুপি, ক্যামেরা বন্ধ থাকা সহ একাধিক গুরুতর অভিযোগ সামনে আসায় কমিশন কঠোর অবস্থান নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। পুনর্নির্বাচনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Post a Comment

নবীনতর পূর্বতন